👁 135 Views

অপরাধে জড়িত থাকায় ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

            নিজস্ব প্রতিনিধি\ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার আভিযোগে ছেলেকে পুলিশে দিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম। গত বুধবার (১৪ই মে) দুপুরে ছেলে মুন্নাকে (২৪) পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম।

            পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে গত ১২ই মে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর দক্ষিণ থানায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীমের ছেলে মুন্নাসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। মুন্না এই হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম বুধবার দুপুর ২টার দিকে ছেলেকে থানায় এনে পুলিশের হাতে সোপর্দ করেন।

            এ বিষয়ে মিনহাজ হোসেন শামীম বলেন, ‘গত ১২ই মে আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে খোঁজখবর নিয়ে দেখি আমার ছেলে মুন্নাও এই হামলার সঙ্গে জড়িত ছিল। যার কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশে সোপর্দ করেছি। মুন্না ছাড়া ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত তাদের অভিভাবকদেরও যেন সন্তানদের পুলিশের কাছে সোপর্দ করেন।

            কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা বিল্লালের ওপর হামলার ঘটনায় মুন্নাকে আসামি করা হয়েছে। স্থানীয়ভাবে এ ঘটনার সত্যতা পাওয়ায় তার বাবা মিনহাজ হোসেন শামীম ছেলেকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আমার চাকরি জীবনে এমন ব্যতিক্রম ঘটনা আর ঘটেনি। মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *