গ্রামীণ ব্যাংকের ৫০ বছর ও নোবেলের ২০ বছর: প্রফেসর ইউনূসকে সংবর্ধনা

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা জানাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামীণ ব্যাংক।

রোববার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টার দিকে প্রফেসর ইউনূস সেখানে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। পরে আয়োজিত টাউন হল সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

বক্তব্যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের শুরুর সময়ের সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপট থেকেই ক্ষুদ্রঋণের ধারণার জন্ম। সে সময় চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র নারীদের মাত্র ৫ টাকা করে ঋণ দেওয়ার মাধ্যমে বাঁশের ঝুড়ি তৈরির উদ্যোগ থেকে এই কার্যক্রমের সূচনা হয়।

তিনি আরও বলেন, প্রতিকূলতা অতিক্রম করে গ্রামের নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। তারা অক্ষরজ্ঞান অর্জন করে পরিবার ও সমাজে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন এবং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশে পরিণত হয়েছেন।

২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়ার পর এই প্রথমবারের মতো গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন প্রফেসর ইউনূস। এ সময় তিনি পুরোনো সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে তিনি গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে তাঁর পুরোনো বাসভবন ও গ্রামীণ চেকের স্টল পরিদর্শন করেন। পরে কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়ে প্রশিক্ষণ ভবনের ক্যান্টিনে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *