
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চার শিশুসহ আরও ২৮ জন আহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো এ তথ্য নিশ্চিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেয়র ক্লিচকো জানান, রুশ হামলায় রাজধানীর বিভিন্ন এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ঘটনাস্থলেই অথবা বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা কতটি ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে দীর্ঘদিন ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যুদ্ধক্ষেত্রের তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি