
ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মাহবুব আলম ওরফে মাসুমকে হত্যা করার ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকান্ডের পর ছিনিয়ে নেয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
গত রোববার (২১শে জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ জানায়, গত শনিবার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মাহবুব। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্তে নামলে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলামকে (২৩) গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরমান সরকার (২০) নামের আরো এক যুবককে আটক করা হয়। একই সঙ্গে ছিনিয়ে নেয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মাহবুব আলমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। গ্রেপ্তার ২ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।