চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এ বছরের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় সম্মেলন আয়োজনের কথাও জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তাঁর প্রথম মতবিনিময় সভা।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং এ বছরই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, যত দ্রুত সম্ভব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।

দলের সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির কাউন্সিল এ বছরের মধ্যেই অনুষ্ঠিত হবে। এখনো নির্দিষ্ট সময় ঠিক হয়নি, তবে শিগগিরই আয়োজন করা হবে।’ উল্লেখ্য, দলটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার গঠনের পর দলের অনেক নেতাকর্মী প্রশাসনিক দায়িত্বে চলে যাওয়ায় সাংগঠনিক কার্যক্রম কিছুটা ধীরগতির মনে হতে পারে। তবে দলের কার্যক্রম চলমান রয়েছে এবং সরকার ও দল—দুটি নিজ নিজ দায়িত্ব পালন করছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রায়ই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। এবারের চ্যালেঞ্জ ইরান-সংকট, যার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে সরকার দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে এবং এখনো দেশে তেলের দাম বাড়েনি। এছাড়া গার্মেন্টস খাতে সম্ভাব্য বেতনসংকট আগাম পদক্ষেপের মাধ্যমে এড়ানো গেছে বলেও তিনি দাবি করেন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে একমত হওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে বিএনপি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো প্রস্তাব সবসময় গ্রহণ করা সম্ভব নাও হতে পারে, যদিও এসব বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *