যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরানের নতুন সর্বোচ্চ নেতা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন।

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্প্রতি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ওই কর্মকর্তা জানান, নিজের প্রথম পররাষ্ট্রনীতি–বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার প্রশ্নে কঠোর ও অনমনীয় অবস্থান গ্রহণ করেন। তবে তিনি ওই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নতুন নেতাকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, সর্বোচ্চ নেতার সব নির্দেশনা বাস্তবায়নে তারা সর্বদা প্রস্তুত।

এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও মোজতবা খামেনির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে বর্ণনা করে বাহিনী বলেছে, তাকে নির্বাচিত করার মাধ্যমে অ্যাসেম্বলি অব এক্সপার্টস বিচক্ষণতার পরিচয় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার