পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: মুখ্য সচিব

সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামো বা পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে। সব প্রক্রিয়া শেষ হলে যেকোনো সময় নতুন পে-স্কেল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মুখ্য সচিব বলেন, ‘পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকার এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। এটা আমরা বাস্তবায়ন করব। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।’

এর আগে গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারি করা হবে।

কী আছে নবম বেতন কমিশনের সুপারিশে

সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রণয়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, কমিটির সুপারিশও এখন প্রায় চূড়ান্ত।

এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়।

কমিশনের সুপারিশ অনুযায়ী, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়।

প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা

নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের কথা আগেই জানিয়েছে সরকার।

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অপেক্ষা এখন চূড়ান্ত ঘোষণার

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার কেন্দ্রে থাকা নবম পে-স্কেল নিয়ে এখন শেষ ধাপের কাজ চলছে। মুখ্য সচিবের বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে—সুপারিশ ও পর্যালোচনার প্রক্রিয়া প্রায় শেষ।

এখন মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেই নতুন বেতনকাঠামোর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ফলে কয়েক লাখ সরকারি কর্মচারীর নজর এখন সরকারের চূড়ান্ত ঘোষণার দিকে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার