চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে আজ বুধবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এক মাস সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন, যা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখার ওপর নির্ভর করেই এ দিনের তারিখ নির্ধারিত হয়। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, কোনো মাস ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। ২৯ রমজানের পর চাঁদ দেখা গেলে পরদিনই ঈদ উদ্‌যাপন করা হয়; আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ হওয়ার পর ঈদ পালিত হয়।

গালফ নিউজ জানিয়েছে, তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে ইসলামি মাস নির্ধারণ করে থাকে। সে অনুযায়ী তুরস্কে শুক্রবার এবং সিঙ্গাপুরে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে এ বছর উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। নিরাপত্তার স্বার্থে এসব দেশে শুধুমাত্র মসজিদে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *