👁 104 Views

দেশে ১০ হাজার ৩শ’ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

            ষ্টাফ রিপোর্টার\ আসন্ন ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৪২ হাজারের ১৪৯টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০টিকে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৬শে ডিসেম্বর ইসি সূত্রে এ তথ্য জানা যায়।

            তাছাড়া, ইসির জারি করা পরিপত্রে থেকে আরো জানা যায় যে, দেশের ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ২ লাখ ১৫ হাজার সদস্য মোতায়েন থাকবে। সাধারণ ভোট কেন্দ্রে ৪ লাখ ৭২ হাজার সদস্যও থাকবেন। এবারের নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।

            ইসি আরো জানায়, ৩০০ নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৭ নিরাপত্তা সদস্যের একটি দল মোতায়েন করা হবে। মহানগর এলাকার বাইরে অস্ত্রধারী দু’জন পুলিশ, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী একজন আনসার, ১০ জন আনসার, লাঠি হাতে একজন বা দু’জন গ্রামপুলিশ সদস্যসহ ১৫ থেকে ১৬ জনের একটি দল সাধারণ ভোটকেন্দ্রে নিরাপত্তা দেবেন।

            এছাড়া, প্রতিটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের ক্ষেত্রে (যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত) অস্ত্রসহ ৩ পুলিশ সদস্যসহ ১৬ থেকে ১৭ জনের একটি দলও থাকবে।

            আর মহানগর এলাকার ভেতরের সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবে ১৫ সদস্যের একটি নিরাপত্তা দল। এর মধ্যে অস্ত্রধারী ৩ জন পুলিশ সদস্য, অস্ত্রধারী একজন আনসার, অস্ত্র বা লাঠিধারী আরেকজন আনসার এবং ১০ জন আনসার সদস্যের দল প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন।

            তবে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হলে ১৬ সদস্যের একটি নিরাপত্তা দল পাহারা দেবে। এক্ষেত্রে অস্ত্রধারী পুলিশ সদস্য সংখ্যা ৩ জনের পরিবর্তে ৪ জন থাকবে।

            এছাড়া, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ প্রতীকের পক্ষে প্রার্থীরা আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত ভোট চেয়ে প্রচার প্রচারণা করতে পারবেন। আর ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে আগামী ৭ই জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *