নতুন সরকারের পথে এমপিদের শপথ শুরু আগামীকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর সচিবকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

ইসি সূত্রে জানা গেছে, বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

ভোটের হার অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে ইসি জানিয়েছে। অন্যদিকে এনসিপি শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও আদালতের নির্দেশনার কারণে **চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। বাকি ২৯৭টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *