
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে শনিবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের সেপ্টেম্বরে জেন–জি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও তাঁর মন্ত্রিসভার শপথ গ্রহণের মাত্র এক দিন পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
গত বছর জেন–জি আন্দোলনের তীব্র চাপের মুখে ৭৪ বছর বয়সী অলি পদত্যাগে বাধ্য হন, যার ফলে তাঁর সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
কাঠমান্ডু ভ্যালির পুলিশের মুখপাত্র ওম অধিকারী এএফপিকে জানান, শনিবার সকালেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞা থেকে ওই আন্দোলনের সূচনা হলেও, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট জনঅসন্তোষকে আরও তীব্র করে তোলে।