পদ্মায় বাসডুবি ট্র্যাজেডি: ২৪ মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চালকসহ তিনজনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন বিভিন্ন জেলার নারী, পুরুষ ও শিশুসহ বহু যাত্রী। তাদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, গতকাল বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল এবং এতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন।

এ মর্মান্তিক দুর্ঘটনার পর রাতেই রাজবাড়ী জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে পুলিশ, বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা রয়েছেন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নিহতদের প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার