👁 431 Views

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রোববার দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। তিনি এর আগে আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁর স্থলে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি পূর্বে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।

এ ছাড়া, মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *