👁 174 Views

১২ মার্চ সংসদে উঠছে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ আগামী ১২ মার্চ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেট সিটি করপোরেশন-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, দলীয় প্রতীকের পরিবর্তে সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। ১২ মার্চ সংসদে সব অধ্যাদেশ উপস্থাপনের পর কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো হবে না—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, প্রতীকের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন আয়োজন করা হবে না। অধ্যাদেশ গ্রহণ করা হলে তা আইন হিসেবে সংসদে পাস করতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

সিসিকের চলমান ও প্রক্রিয়াধীন প্রকল্প নিয়ে আলোচনা করে প্রতিমন্ত্রী সিলেটের জলাবদ্ধতা নিরসন, খাল খনন এবং নতুন প্রকল্প গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সিসিক সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে তিনি বলেন, “সিলেট সিটি করপোরেশন আমার দেখা সবচেয়ে সুন্দর এলাকা। তবে পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, ছড়া ও খাল উদ্ধার এবং সংস্কারের বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছি।”

সিলেট সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই দিকনির্দেশনা দিয়ে আসছেন। তাঁর নির্দেশেই এই সফর। সফরের বিষয়ে জেনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সন্তোষ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন তিনি। সফর শেষে সিলেটের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ও প্রধানমন্ত্রীকে জানানো হবে।

এর আগে সিলেটের রিকাবীবাজারে অবস্থিত কবি নজরুল অডিটরিয়াম এবং নগরের ধোপাদিঘীর ওয়াকওয়ে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *