👁 312 Views

২০২৪ সালে সরকারিভাবে হজের খরচ ৫ লাখ ৭৮ হাজার টাকা

            ষ্টাফ রিপোর্টার\ চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। গত বৃহস্পতিবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৪’ ঘোষণা করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক। তিনি বলেন, এবার সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর নতুন করে চালু করা বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সরকারিভাবে গত বছরের হজের জন্য একটি প্যাকেজ ছিল ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। এই হিসাব অনুযায়ী এবার ৯২ হাজার ৪৫০ টাকা কমেছে। এখন সরকারি এই প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি মাধ্যমে হজে যাওয়ার প্যাকেজ ঘোষণা করবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। তবে গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্যাকেজ ছিল ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা।

            চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৭ই জুন পবিত্র হজ পালন করার কথা। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১০ হাজার ১৯৮ জন। আর ১ লাখ ১৭ হাজার জন যেতে পারবেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের ৯ই মে। বিশেষ হজ প্যাকেজের বৈশিষ্ট্য নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এতে প্যাকেজ আপগ্রেডেশন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কার হোটেলে ২ ও ৩ সিটের করে সুবিধা, মক্কায় হারাম শরিফের চত্বর থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে উন্নতমানের হোটেলের ব্যবস্থা, মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন ব্যবস্থা, এক রুমে সর্বোচ্চ চার সিট, মিনায় ‘এ’ ক্যাটাগরির তাঁবুতে আবাসন ও বুফে খাবার ব্যবস্থা এবং মিনা-আরাফাহ মুজদালিফা-মিনায় যাতায়াতে প্রত্যেক হজযাত্রীর জন্য বাসে সিট নিশ্চিত করা হবে।

            ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি মাধ্যমের সাধারণ প্যাকেজ মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে হাব বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করবে এবং হজযাত্রীদের জন্য অনুরূপ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। উন্নতমানের বাড়ি এবং অন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে এজেন্সি একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে।

            প্রতিমন্ত্রী বলেন, সাধারণ প্যাকেজের ব্যয় ২০২৩ সালের হজের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কমানো হয়েছে এবং বিমানভাড়া ২ হাজার ৯৯৭ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

            হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি প্যাকেজ ঘোষণা করা হবে। এছাড়া দ্রæত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। ২০২৪ সালের ১লা মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *