👁 60 Views

৩০শে জানুয়ারি শুরু দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন

            ষ্টাফ রিপোর্টার\ আগামী ৩০শে জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি ২০২৪ সালের প্রথম অধিবেশন।

            গত সোমবার (১৫ই জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩০শে জানুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম ও ২০২৪ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

            রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনেই দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন  করা হবে। বিরোধী দলের দায়িত্বে কোন দল বা জোট আসবে, সেটিও নির্ধারণ করা হবে। তাছাড়া প্রত্যেক বছর সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন।

            উল্লেখ্য, গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগই নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দু’টিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।

            এরপর গত ৯ই জানুয়ারি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরদিন ১০ই জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত এমপিরা। আর এমপিদের শপথ গ্রহণের একদিন পর শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। ওইদিন বিকেলেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়ে জারি করা হয় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়োগের প্রজ্ঞাপনও।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *