৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসের বেশি ছুটি শেষে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার (২৯ মার্চ) থেকে খুলছে। প্রায় ৪০ দিনের ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬)। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে রোববার থেকে।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলেছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সরকার গত ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি কার্যকর করা হয়।

ছুটি শেষে আগামী রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়।

অন্যদিকে, পবিত্র রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি থাকায় শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটি শেষে ক্লাস শুরুর পর টানা ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে। এর অংশ হিসেবে আগামী ৪ এপ্রিল, শনিবারও প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *