চান্দিনায় ট্রাক চালক—ব্যবসায়ীকে গাছে বেঁধে ৬টি গরু লুট

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনায় গরুবাহী একটি ট্রাক ছিনতাই করে চালক ও সঙ্গে থাকা এক ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে রেখে ৬টি গরু লুট করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (১৭ই নভেম্বর) ভোরে উপজেলার কাঠেরপুল এলাকার বন বিভাগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের মাত্র ২ মিনিটের মধ্যেই টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা দ্রুত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দিনাজপুর থেকে ৮টি গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের পথে রওনা হয়েছিল।

            পরে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার কিছুক্ষণ পরই সামনে একটি গাড়ি ব্যারিকেড দিলে ট্রাক থামতে বাধ্য হয়। চালক রুকনুজ্জামান বলেন, ‘গাড়ি থামানোর পর আমাকে মারধর করে হাত—পা বেঁধে তাদের গাড়িতে তুলে নেয়। পরে আমার ট্রাকটি ছিনতাইকারীরা চালিয়ে কাঠেরপুল এলাকায় এনে ৬টি গরু অন্য গাড়িতে তুলে নেয় এবং তাদের গাড়িতে জায়গা না থাকায় বাকি ২টি গরু ফেলে যায়। ঘটনার সময় সেখানে উপস্থিত এক স্থানীয় ব্যবসায়ী ঘটনাটি দেখে ফেলায় তাকেও অস্ত্রের মুখে গাছের সঙ্গে বেঁধে রেখে তার মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা।

            ভুক্তভোগীরা অভিযোগ করেন, ছিনতাইকারীরা পালানোর পরপরই একটি সিএনজিভর্তি পুলিশ ঘটনাস্থলে এলেও তারা প্রথমে যেতে চায়নি। বারবার অনুরোধের পর পুলিশ তাদের ঘুরপথে নিয়ে যায় এবং ছিনতাইকারীরা যে রাস্তায় পালিয়েছে, সেখানে না গিয়ে বলে— ‘ওটা আমাদের এলাকা নয়।’ চান্দিনা থানায় অভিযোগ দিতে গেলে ওসি জানান, মূল ছিনতাই দাউদকান্দি এলাকায় হয়েছে, তাই অভিযোগ সেখানে দিতে হবে।

            চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, ‘চারদিকে খোঁজ নিয়েছি, কিন্তু ছিনতাইকারীদের পাওয়া যায়নি।

            অন্যদিকে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ‘এ ঘটনা আমার জানা নেই। তবে যদি সত্যিই ছিনতাই হয়ে থাকে এবং গরুগুলো চান্দিনার কাঠেরপুল এলাকায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে স্থানান্তর করা হয়ে থাকে, তাহলে এর আইনগত ব্যবস্থা নেয়ার দায়িত্ব চান্দিনা থানার। বিষয়টি খতিয়ে দেখা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *