বাংলাদেশি ডাক্তার-নার্স নিয়োগে জি-টু-জি ফ্রেমওয়ার্কের প্রস্তাব সৌদি আরবের

সৌদি আরবে বাংলাদেশি ডাক্তার, নার্স, কেয়ারগিভার, টেকনিশিয়ান ও অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মী নিয়োগে একটি প্রাতিষ্ঠানিক জি-টু-জি (সরকারি পর্যায়ের) ফ্রেমওয়ার্ক প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

রিয়াদে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কন্ট্র্যাক্টিং ও বিদেশি অফিস বিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ বিন হাসান আল-দুগাইসারের মধ্যে। বাসসের তথ্য অনুযায়ী, ড. নেয়ামত উল্যার সাম্প্রতিক সরকারি সফরের সময় এ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরে ১,২০০ জন বাংলাদেশি গ্র্যাজুয়েট নার্স নিয়োগ প্রসঙ্গে সৌদি পক্ষ থেকে ইতিবাচক মতামত দেওয়া হয়। বাংলাদেশি নার্সদের সেবার মান, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের অভিজ্ঞতা জানতে চায় বাংলাদেশ এবং প্রশিক্ষণ, ভাষাজ্ঞান ও সামগ্রিক প্রস্তুতি উন্নয়নে সুপারিশ কামনা করে।

যোগ্য নার্সদের বেসরকারি খাতে নিয়োগ সহজ করতে প্রোমেট্রিক পরীক্ষার শিথিলতা চায় বাংলাদেশ। পাশাপাশি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি হাসপাতাল নিয়োগ মডেলের অনুরূপ ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করে।

সৌদি কমিশন ফর হেলথ স্পেশালটিজ (এসসিএফএইচএস)-এর সঙ্গে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে লাইসেন্সিং ও মূল্যায়ন প্রক্রিয়া সহজ হয়। এ লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর, যৌথ ওয়ার্কিং গ্রুপ বা প্রযুক্তিগত কমিটি গঠন এবং শিক্ষা পাঠ্যক্রম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়।

সৌদি পক্ষ জানায়, স্বাস্থ্যখাতের নতুন নীতি পরিবর্তনের আগে উভয় দেশের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছিল, যা নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা সম্ভব।

বৈঠকে আরও জানানো হয়, সৌদি আরবে ক্রিটিক্যাল কেয়ার নার্সের চাহিদা বেশি। বর্তমানে বাংলাদেশি নার্সরা সাধারণ ওয়ার্ডে টেকনিক্যাল নার্স হিসেবে স্বাধীন নার্সের তত্ত্বাবধানে কাজ করছেন। এছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আর সরাসরি নিয়োগ দেয় না—এখন হেলথ হোল্ডিং কোম্পানি (এইচএইচসি) পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে।

সৌদি আরবে নার্স নিয়োগের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় খাতেই প্রোমেট্রিক পরীক্ষা, পেশাগত অভিজ্ঞতা, সৌদি হেলথ কাউন্সিলের পেশাগত স্বীকৃতি, সংশ্লিষ্ট লাইসেন্স এবং চিকিৎসাগত ত্রুটি কাভার করতে বীমা—এসব বাধ্যতামূলক শর্ত হিসেবে বহাল রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *