👁 258 Views

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা করলেন প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে বৈঠকে তিনি এই সমর্থন প্রত্যাশা করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং আসন্ন সাধারণ নির্বাচনে কমনওয়েলথের অব্যাহত সমর্থন আশা করছি।”
তিনি নির্বাচনের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান এবং অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

জবাবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, “কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী রূপান্তর প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন প্রদান করবে।”
তিনি আরও বলেন, কমনওয়েলথের ৫৬টি দেশ—যার মধ্যে জি-৭ ও জি-২০-এর সদস্যও রয়েছে—পারস্পরিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তাদের বিপুল সম্পদ ব্যবহার করতে পারে।

মহাসচিব জানান, তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন—এর মধ্যে রয়েছেন প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার। তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত আশাবাদী।”

তিনি আরও নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমনওয়েলথ।

বৈঠকে দুই পক্ষ তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক ব্যবসার বিস্তার, বেকারত্ব ও বৈষম্য কমানো এবং কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যে ‘থ্রি-জিরো ভিশন’ বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *