এ বছরের ফিতরার হার নির্ধারণ: জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ টাকা, সর্বনিম্ন ১১০ টাকা

চলতি ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের জন্য সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ইসলামি শরিয়াহ অনুযায়ী আটা, যব, কিশমিশ, খেজুর বা পনির—এই পণ্যগুলোর যেকোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যাবে।

  • গম বা আটা দ্বারা আদায় করলে অর্ধ সা (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজার মূল্য ১১০ টাকা দিতে হবে।
  • যব দ্বারা আদায় করলে এক সা (৩ কেজি ৩০০ গ্রাম) বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা
  • খেজুর দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২,৪৭৫ টাকা
  • কিশমিশ দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২,৬৪০ টাকা
  • পনির দ্বারা আদায় করলে এক সা বা এর বাজার মূল্য ২,৮০৫ টাকা

দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজারদরের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লেখিত পণ্য বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের খুচরা বাজারদরে কিছুটা তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারমূল্য অনুযায়ী পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সদস্য ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *