👁 47 Views

ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন ইয়ামাহা মোটরসাইকেল লাকসামে উদ্ধার

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার লাকসাম থানা পুলিশ গত শুক্রবার ঢাকা থেকে লুট হওয়া একটি ট্রাকভর্তি ৯টি নতুন ইয়ামাহা এফ.জেড.এস মোটরসাইকেল উদ্ধার করেছে। এই সময় পুলিশ শাহপরান (৩৬) নামে ট্রাক চালককে আটক করেছে। আটক শাহপরানের বাড়ী কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে।

            পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের ফুলহরা গ্রামে প্রবেশ করে। এ সময় ট্রাকটি সড়কের পাশে রেখে ২-৩ জন লোক এদিক-ওদিক পায়চারি করছিল। এতে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করলে ওই লোকগুলো অসংলগ্ন কথাবার্তা বলেন। স্থানীয়রা তখন ট্রাকের ভেতর কি আছে দেখতে গেলে ৩ জনই দৌঁড়ে পালিয়ে যায়। তারা ট্রাকের ভেতর নতুন ৯টি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল দেখতে পেয়ে চোরাই মোটরসাইকেল সন্দেহে ট্রাক চালককে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ভর্তি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং ট্রাকের চালককে গ্রেপ্তার করে।

            প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো রাজধানী ঢাকার কড়িল বিশ্বরোড এলাকা থেকে লুট করে অন্যত্র নিয়ে যাচ্ছিল।

            এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ বলেন, সংশ্লিষ্ট খিলগাঁও থানা থেকে মোটরসাইকেল শনাক্ত করার জন্য পুলিশের একটি প্রতিনিধিদল লাকসাম থানায় আসার পর যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে। তিনি জানান, আটক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ ও এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *