
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন নুরুল ইসলাম নাহিদ। সেখান থেকেই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ওসি খালিদ মনসুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তী সময়ে টানা ১০ বছর দেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।
তথ্যসূত্র: প্রথম আলো