
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ রোববার বেলা ১১টায় শুরু হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
অধিবেশনে উপস্থিত আছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও বৈঠকে অংশ নিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা তৈরি হয়। এ সময় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করে সংসদ থেকে ওয়াকআউট করেন।
এদিকে ‘জুলাই জাতীয় সনদ’-এর সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে আজ রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য। দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। অন্যদিকে সরকারি দল বিএনপি জানিয়েছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। গতকাল শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।