উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

রোববার বেলা ১১টা ২৫ মিনিটে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং একজন ব্যক্তিগত চিকিৎসক সিঙ্গাপুরে গেছেন।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে রাতেই রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং পরবর্তীতে তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়।

শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। গত শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *