রাজধানীর জাতীয় ঈদগাহ প্রস্তুত: এক জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এবারের জামাতে বিশেষ আকর্ষণ হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করবেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই প্রথম ঈদুল ফিতর। তাই এবারের ঈদ জামাত বিশেষ তাৎপর্য বহন করছে। প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের সম্মতিতে সাধারণ মুসল্লিরাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একই জামাতে নামাজ আদায়ের সুযোগ পাবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানান, ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য আলাদা সুবিধা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ, ওজু ও নামাজের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় গেট সীমিত রাখা হলেও নামাজ শেষে দ্রুত প্রস্থানের জন্য সবগুলো গেট খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে নগরবাসীকে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আয়োজকরা সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *