
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদ্যাপন করতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে দেশের মানুষ আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাবে। এ লক্ষ্য অর্জনে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার সর্বশক্তি দিয়ে দেশগঠনের কাজে এগিয়ে যেতে পারবে।
দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে প্রাণ দেওয়া শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান। শেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী।