
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত হলেও তা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা নামাজে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে অংশ নেন। জানাজা শেষে সংসদ ভবনের দিকে যাওয়ার পথে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাঁকে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
পরে দুই নেতা প্রায় ২০ মিনিট বিভিন্ন বিষয়ে আলাপ করেন। বৈঠক শেষে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করলে প্রধানমন্ত্রী তাঁকে কিছুদূর এগিয়ে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, এটি প্রধানমন্ত্রীর স্বাভাবিক সৌজন্যতারই প্রতিফলন। তিনি সবসময়ই সকলের প্রতি সম্মান ও সৌজন্য প্রদর্শন করেন, যা ইতোমধ্যে জনমনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।