
প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন (রোববার) থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন। এর আগে একই দিনে তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দীনেশ ত্রিবেদী জানান, এখন থেকে পর্যটক ভিসার জন্য নিয়মিত আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি জরুরি মানবিক প্রয়োজন বিবেচনায় চিকিৎসা ভিসা প্রদানও আগের মতো অব্যাহত থাকবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে ভিসা সেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ভারতের হাইকমিশনার আশা প্রকাশ করেন, পর্যটক ভিসা পুনরায় চালুর ফলে দুই দেশের সাধারণ মানুষের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন গতি পাবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা প্রদান স্থগিত করেছিল। তবে এ সময় সীমিত পরিসরে চিকিৎসাসহ কিছু বিশেষ ধরনের ভিসা চালু ছিল। প্রায় দুই বছর পর পর্যটক ভিসা পুনরায় চালুর এই সিদ্ধান্তকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।