ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘুমের ওষুধ সেবন, আইসিইউতে সাবেক এমপির স্ত্রী খাদিজা সীমু

দিনাজপুরের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার বিকেলে হাকিমপুর শহরে বাবার বাড়িতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা রাত আটটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

জানা গেছে, শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। এ সময় তাঁর দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক হাকিমপুর উপজেলার সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনার আগে ফেসবুকে নিজের ‘খাদিজা সীমু’ পেজে দেওয়া এক স্ট্যাটাসে দীর্ঘদিনের মানসিক চাপ ও দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করেন তিনি। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, কিছুদিন ধরে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসকের পরামর্শে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী জানান, রাত সোয়া আটটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *