দুবাই বন্দরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২০ লাখ ব্যারেল তেল ছড়িয়ে পড়ার শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবাহী একটি বিশাল জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে গিয়ে এর কাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাগরে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সংঘটিত এ হামলায় আগুন লাগলেও নৌ-অগ্নিনির্বাপক দলের কয়েক ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জাহাজের ২৪ জন ক্রু সদস্য নিরাপদ রয়েছেন।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, ‘আল-সালমি’ নামের জাহাজটি কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের মালিকানাধীন। হামলার ফলে জাহাজটির ক্ষয়ক্ষতির পাশাপাশি সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেন, ইরান প্রণালি খুলে না দিলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে। এর পরপরই এই হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বাড়ছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়ছে।

প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনের সক্ষমতা সম্পন্ন এ জাহাজটি কুয়েত ও সৌদি আরব থেকে তেল নিয়ে চীনের চিংদাও বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল। আন্তর্জাতিক বাজারে যার মূল্য ২০ কোটি ডলারেরও বেশি।

এদিকে হামলার খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে বেড়ে গেলেও পরবর্তীতে কিছুটা স্থিতিশীল হয়। ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *