বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া নির্ধারিত হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা। আজ দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন মালিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির দাবি ওঠে। বিষয়টি নিয়ে আলোচনা করে সরকার একটি সমন্বিত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, বাস মালিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ২৮ পয়সা ভাড়া বাড়ানোর। তবে সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় সরকার মাত্র ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এটিকে ভাড়া বৃদ্ধি না বলে ‘সমন্বয়’ বলা অধিক যুক্তিযুক্ত। কারণ, পূর্ব নির্ধারিত ভাড়ার সঙ্গে সামান্য পরিমাণ যোগ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, আগে ঢাকা ও চট্টগ্রামে বাসভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। নতুন করে ১১ পয়সা যোগ হওয়ায় ভাড়া দাঁড়িয়েছে ২ টাকা ৫৩ পয়সা, যা মোট বৃদ্ধি হিসেবে ৪.৪৫ শতাংশ।

অন্যদিকে, আন্তঃজেলা বাসের ক্ষেত্রে আগে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ২ টাকা ১২ পয়সা। নতুন ১১ পয়সা যুক্ত হয়ে তা হয়েছে ২ টাকা ২৩ পয়সা, যা বৃদ্ধি হিসেবে ৫.১৯ শতাংশ।

মন্ত্রী জানান, আজকের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *