চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিং–এর সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ এই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, সফরের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, বিনিয়োগ এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

বৈঠকের আগে প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে অবস্থিত জনগণের বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি।

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং–এর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে এরই মধ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফর শেষে শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *