

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে লাকসামের দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা চট্রগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। এছাড়া, এ প্রতিষ্ঠানের ২ জন কৃতী ছাত্র অনন্য শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে। গত ৩০শে জুন ২০২৬ রাজধানী ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা সচিব, ইসলামি আরবি বিশ্বদ্যিালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, মাউশি’র ডিজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে এওয়ার্ড গ্রহন করেন, উক্ত মাদরাসার সুযোগ্য অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান। একইদিন কামিল হাদিস বিভাগ থেকে এইচ.এম আজহারুল ইসলাম ও ফাজিল থেকে জোনায়েদুল ইসলাম অনন্য শিক্ষার্থীর এওয়ার্ড গ্রহন করেন।
দক্ষিন কুমিল্লার ঐতিহ্যবাহী এ দ্বীনি প্রতিষ্ঠানের বিশাল অর্জনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান মহান আল্লাহ’র দরবারে শোকরিয়া আদায়পূর্বক কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা কমিটির সুনির্দিষ্ট দিকনির্দশনা, শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রমে ভবিষ্যতে দ্বীনি খেদমতে এই প্রতিষ্ঠানটি আরো সফলতা অর্জনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ২০২৬ সালে দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) নির্বাচিত হয়েছিলেন।