জুন মাসে কুমিল্লায় ১০টি খুন এবং ধর্ষণের ২১টি অভিযোগ

              ষ্টাফ রিপোর্টার\ গেল জুন মাসে কুমিল্লা জেলায় ১০টি খুনের ঘটনায় মামলা দায়ের এবং ২১টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। এছাড়া, নারী ও শিশু নির্যাতন আইনে ৪১টি মামলা দায়ের হয়েছে। চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে ৪৮টি, অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে ৫৫টি এবং মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে ২শ’টি। গত রোববার কুমিল্লা জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে। এ মাসে জেলায় বিভিন্ন অপরাধে মোট মামলা দায়ের হয়েছে ৫৭৭টি।

              জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

              আইন-শৃঙ্খলা কমিটির কার্যপত্র বিবরণী সূত্রে জানা যায়, মে মাসে কুমিল্লায় ১৭টি খুনের ঘটনায় মামলা দায়ের হয়। মে ও জুন ২ মাসে মোট ২৭টি খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মে মাসে বিভিন্ন অপরাধে মোট ৬১২টি মামলা দায়ের হয়, যা জুন মাসের তুলনায় ৩৫টি বেশি। এছাড়া জুন মাসে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে ১৩ জন। মে মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৩০টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ২৮ জন, আহত হয়েছে ৮ জন। জুন মাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৪৯টি। এর আগের মাস মে মাসে অগ্নিকানেডর ঘটনা ছিল ৭৯টি।

              জুন মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের সংখ্যা ৮৩টি, এসব মোবাইল কোর্ট ১৩৮টি মামলা দায়ের হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৩১ হাজার ২৫০ টাকা। কারাদন্ড ও অর্থদন্ড মিলে ১৩৮ জনকে শাস্তি প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬৫টি মোবাইল কোর্টে ৮৮টি মামলা দায়ের হয়েছে, ৬ লাখ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং একজনকে অর্থদন্ড ও কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। সড়ক পরিবহন আইনে ১৫টি মোবাইল কোর্টে মামলা হয়েছে ৩৩টি, জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ২৬০০ টাকা এবং একজনকে উভয়দন্ড দেয়া হয়েছে। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১২টি মোবাইল কোর্টে ৮টি মামলা দায়ের হয়েছে, ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং কারাদন্ড দেয়া হয়েছে। পরিবেশ আইনে ১৭টি মোবাইল কোর্টে ১৫টি মামলা দায়ের হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *