যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিচ্ছেন

মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশ্যে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বৃহস্পতিবার (১৬ই জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দিয়েছেন।
এর আগে এত দিন পর্যন্ত নির্দিষ্ট পড়াশোনা বা চাকরির পুরো সময়কালের জন্য এই ভিসাগুলো দেওয়া হলেও নতুন নিয়মে এর ওপর কঠোর সময়সীমা আরোপ করা হচ্ছে।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এমন নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এফ’ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে আসা পরিদর্শকদের জন্য ‘জে’ ভিসা এবং বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের জন্য ‘আই’ ভিসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ও স্থায়ী সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এত দিন এই তিন ক্যাটাগরির ভিসাধারীরা তাদের কোর্স বা চাকরিকালীন পুরো সময় পর্যন্ত বৈধভাবে আমেরিকায় অবস্থান করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থী বা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির কর্মীর ভিসার মেয়াদ কোনোভাবেই চার বছরের বেশি হবে না।
অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের জন্য বর্তমানে দেওয়া দীর্ঘমেয়াদি ভিসার প্রথা বাতিল করে তা সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনের নাগরিকদের ক্ষেত্রে তা মাত্র ৯০ দিনের জন্য সীমাবদ্ধ করা হচ্ছে। তবে বিশেষ প্রয়োজনে এই ভিসাধারীরা মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করতে পারবেন। ফেডারেল রেজিস্ট্রারে এই চূড়ান্ত নিয়মটি প্রকাশের ৬০ দিন পর থেকে তা কার্যকর হবে, যা কিনা এখন মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অধীনে রয়েছে।
উল্লেখ থাকে যে, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতির ওপর কড়াকড়ি আরোপ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপরও এই নতুন আইনি বাধার প্রাচীর খাড়া করা হলো।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই নীতি পরিবর্তনের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও দর্শনার্থীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে সামনে এনেছেন। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ড ১৮ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এ ছাড়া একই সময়ে ৫ লাখের বেশি সাংস্কৃতিক প্রতিনিধি এবং ৩৭ হাজার ৩০০ জন বিদেশি সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের দাবি, এত বিশালসংখ্যক বিদেশির ওপর সার্বক্ষণিক নজরদারি ও তদারকি করা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া বহু শিক্ষার্থী ও দর্শনার্থী পড়াশোনা বা কাজের মেয়াদ শেষ হওয়ার পরও দশকের পর দশক ধরে দেশটিতে থেকে যাচ্ছেন, এমন অনেক প্রমাণ সরকারের হাতে রয়েছে।
নতুন নিয়মের অধীনে যারা নির্ধারিত মেয়াদের বাইরেও আমেরিকায় থাকতে চান, তাদের অবশ্যই ট্রাভেল পারমিট নিয়ে নিজ দেশে ফিরে গিয়ে নতুন করে ভিসার আবেদন করতে হবে অথবা ডিএইচএসের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এহেন পরিস্থিতিতে আশন্কা করা হচ্ছে যে, ট্রাম্পের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ শিক্ষার্থী ও সাংবাদিক বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। এছাড়া, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্যেও ১ লাখ ডলারের আগাম জামানত নেওয়ার প্রস্তাব বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। স্বল্প আয়ের বিদেশিদের অভিবাসন নিয়ন্ত্রণের জন্য এ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
দ‍্যা টেলিগ্রাফের এক প্রতিবেদনে ১৬ই জুলাই প্রকাশিত খবরে বলা হয়েছে যে, বিদেশ থেকে স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে জামানত নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এই জামানতের পরিমাণ ১ লাখ ডলার পর্যন্ত হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ নীতি চালু করা হতে পারে
পরিকল্পনা অনুযায়ী, আবেদনকারীদের আগাম জামানত জমা দিতে হবে। ব্যক্তিভেদে এ অঙ্ক ভিন্নত হতে পারে। পরে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে সেই অর্থ ফেরত পাবেন। তবে নাগরিকত্ব পেতে কয়েক বছর পর্যন্তও সময় লাগতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই জামানত এক ধরনের আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। এতে করে গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের আর্থিক ব্যয় বহন করতে ব্যর্থ হলেও সরকার ঝুঁকিতে পড়বে না।
তবে, বিশ্লেষকদের মতে, এ ধরনের উচ্চ অঙ্কের জামানত বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোর আবেদনকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। উন্নত আয়ের আশায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক অনেকেই এত বড় অঙ্কের অর্থ জোগাড় করতে দারুণ হিমশিম খেতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Courtesy: bloomberg.co/ thikananews

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *