২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই

২০২৭ সালের পবিত্র হজে অংশ নিতে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, এই নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রোববার প্রকাশিত ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুসরণ করে বাংলাদেশ এ সময়সূচি নির্ধারণ করেছে।

সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন

সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই হজের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। তবে এর আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক।

যারা প্রাথমিক নিবন্ধন করবেন, তাঁদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

কোথায় করা যাবে নিবন্ধন

সরকারি ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজেই নিবন্ধন করা যাবে। পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।

সরকারি মাধ্যমে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। আর বেসরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

যাঁরা হজে যেতে পারবেন না

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না। এছাড়া হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক সমস্যা, ডিমেনশিয়া, ক্যানসারের চিকিৎসাধীন রোগী, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণকারীরা হজে যাওয়ার অনুমতি পাবেন না।

এ ছাড়া যক্ষ্মা, হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীদেরও ফিটনেস সনদ দেওয়া হবে না।

নিবন্ধনের সময় যেসব তথ্য লাগবে

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের তথ্য, নিজ জেলার নাম, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।

এ ছাড়া হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের এমন পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ কমপক্ষে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *