কুমিল্লা শহরের ৫ হাসপাতাল-ল্যাব ও ডায়াগনস্টিক সাময়িক বন্ধের নির্দেশ

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা মহানগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে ৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর হাসপাতাল, ল্যাব ও ডায়াগনস্টিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

              গত সোমবার (৩রা আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন রেজা মোহাম্মদ সারওয়ার আকবর।

              কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম ও ডা. ওসমান হোসেন জাবীরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

              অভিযানে নগরীর রেইসকোর্স এলাকার প্রাইম হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া স্থান পরিবর্তন করায় হাসপাতাল ও ডায়াগনস্টিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

              এভারগ্রীন হাসপাতাল সি-ক্যাটাগরির লাইসেন্স নিয়ে বি-ক্যাটাগরির ল্যাব পরীক্ষা পরিচালনা করায় তাদের ডায়াগনস্টিক ল্যাবের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

              মিশন হাসপাতাল দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করা এবং সি-ক্যাটাগরির লাইসেন্সে বি-ক্যাটাগরির পরীক্ষা পরিচালনার কারণে ল্যাব সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একই অভিযোগে ডেল্টা হাসপাতাল-এর ল্যাব সেবাও বন্ধ ঘোষণা করা হয়। অন্যদিকে ঝাউতলা এলাকার জননী ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি আদায় এবং অনুমোদন ছাড়া স্থান পরিবর্তনের দায়ে সম্পূর্ণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

              সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ জানান, জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের সব বিধি-বিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করলে বা রোগীদের স্বার্থবিরোধী কর্মকান্ড জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *