
মোঃ হুমায়ুন কবির মানিক॥ কুমিল্লার মনোহরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও ব্যবসায়ী নজরুল ইসলাম সেলিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আতিকুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবুল বাশার, ক্রীড়ানুরাগী আলী আশরাফ চৌধুরী সুমন, জাহাঙ্গীর আলম মোল্লা, রবিউল হোসেন, রিয়াজ মাহমুদ সুমন, আলাউদ্দিন, ফখরুল ইসলাম জসিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ঝলম একাদশ ও পোমগাঁও একতা সংঘ। খেলা দেখতে বিকেল থেকেই পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন বিপুলসংখ্যক দর্শক। দু’দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।