
ষ্টাফ রিপোর্টার॥ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। সারা দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৬ লাখের বেশি। স্থানীয়ভাবে নির্বাচন অফিসগুলো এ খসড়া তালিকা প্রকাশ করে। এছাড়া, স্থানীয় সরকার নির্বাচনের জন্য খসড়া আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গত রোববার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এখন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার কথা রয়েছে। এর আগে গত ১৪ই মে প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটার ছিল ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ৩১শে জুলাই পর্যন্ত নতুন নাম তালিকাভুক্ত করা হয়। যার খসড়া প্রকাশ করা হয়েছে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১শে আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, গত ১৪ই মে হতে ৩১শে জুলাই পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এখন সব মিলিয়ে স্থানীয় নির্বাচনের জন্য ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন ভোটার। পরবর্তী নির্বাচনগুলোর জন্য এ তালিকা। ভোটের তারিখ নির্ধারণ বা পরিবর্তন হলে (ভোটার নিবন্ধন সময় বাড়ানোর বিষয়ে) কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে তাদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরো বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য খসড়া আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। নথি প্রক্রিয়াজাত হচ্ছে, এটা শেষ হলে সেটাও পাঠিয়ে দেয়া হবে।