‘লাভ বম্বিং’ থেকে ব্ল্যাকমেল, চিনবেন যেভাবে হানি ট্র্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ পরিচয়। প্রোফাইলজুড়ে আকর্ষণীয় ছবি, কথাবার্তায় ভদ্রতা আর আচরণে আন্তরিকতা। অল্প সময়েই গড়ে ওঠে ঘনিষ্ঠতা। প্রতিদিনের টেক্সট, ফোনালাপ কিংবা ভিডিও কলে ধীরে ধীরে তৈরি হয় গভীর বিশ্বাস। একপর্যায়ে সেই সম্পর্কের আড়ালেই বেরিয়ে আসে প্রতারণার আসল চেহারা—ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা।

ডিজিটাল মাধ্যমে পরিচয়কে কেন্দ্র করে এ ধরনের প্রতারণাই পরিচিত ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদ নামে। প্রযুক্তির সহজলভ্যতার সঙ্গে সঙ্গে এর ধরনও বদলেছে। আগে যেখানে নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থাকে লক্ষ্য করে এ ধরনের কৌশল ব্যবহারের ঘটনা বেশি আলোচিত ছিল, এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও কলের মাধ্যমে সাধারণ মানুষও এর শিকার হচ্ছেন।

যেভাবে পাতা হয় প্রেমের ফাঁদ

প্রতারকেরা সাধারণত প্রথমে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক তৈরির চেষ্টা করে। অল্প সময়ের মধ্যেই অতিরিক্ত আবেগ, প্রশংসা ও ভালোবাসা প্রকাশ করে তারা ভুক্তভোগীর আস্থা অর্জন করে। মনস্তত্ত্বে এ ধরনের আচরণকে ‘লাভ বম্বিং’ বলা হয়।

বাস্তবে দেখা হওয়ার আগেই কেউ যদি অতিরিক্ত ঘনিষ্ঠ হতে চান কিংবা দ্রুত ব্যক্তিগত সম্পর্ক তৈরিতে আগ্রহ দেখান, সেটিকে সতর্কসংকেত হিসেবে বিবেচনা করা উচিত।

আরেকটি সাধারণ কৌশল হলো ভিডিও কলে এড়িয়ে যাওয়া। প্রোফাইলে আকর্ষণীয় ছবি থাকলেও সরাসরি ভিডিও কলে আসতে নানা অজুহাত দেখানো হয়। কখনো ক্যামেরা নষ্ট, কখনো নেটওয়ার্ক সমস্যা বা পারিবারিক গোপনীয়তার কথা বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে আগে ধারণ করা ভিডিও কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট ব্যবহার করেও পরিচয়ের সত্যতা নিয়ে বিভ্রান্ত করা হতে পারে।

সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতারকেরা ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। পেশা, পরিবার, আর্থিক অবস্থা, একাকিত্ব কিংবা ব্যক্তিগত দুর্বলতার জায়গাগুলো সম্পর্কে জানার চেষ্টা করে তারা। সাইবার নিরাপত্তার ভাষায় এটি ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’-এর একটি কৌশল।

ভিডিও কলেই তৈরি হতে পারে বিপদ

বিশ্বাসের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেক সময় ভুক্তভোগীকে অন্তরঙ্গ ভিডিও কলের জন্য প্ররোচিত করা হয়। সেই সময় অপর প্রান্ত থেকে গোপনে স্ক্রিন রেকর্ড করা হতে পারে। পরে ওই ভিডিও বা ছবিকে হাতিয়ার বানিয়ে শুরু হয় ব্ল্যাকমেল।

প্রথমে ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করা হয়। টাকা দেওয়ার পরও অনেক ক্ষেত্রে দাবি থামে না; বরং আরও অর্থ চাওয়া হয়। টাকা না দিলে ভিডিও পরিবার, বন্ধু, সহকর্মী কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

হঠাৎ তৈরি হয় নানা সংকট

প্রতারকের আরেকটি কৌশল হলো সম্পর্কের একপর্যায়ে সাজানো বিপদের গল্প তৈরি করা। পরিবারের সদস্য অসুস্থ, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, আইনি ঝামেলা হয়েছে কিংবা হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন—এমন নানা কারণ দেখিয়ে টাকা চাওয়া হতে পারে।

আবেগের ওপর নির্ভর করে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই এ ক্ষেত্রে প্রতারণার সুযোগ তৈরি করে দেয়।

যেভাবে নিজেকে নিরাপদ রাখবেন

অনলাইনে অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে শুরু থেকেই সতর্ক থাকা জরুরি। কারও প্রোফাইল ছবি সন্দেহজনক মনে হলে ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যাচাই করা যেতে পারে। একই ছবি অন্য কোনো ব্যক্তি বা ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে কি না, তা এতে বোঝা সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান, ভ্রমণের তথ্য, পরিবারের ব্যক্তিগত বিষয়, কর্মস্থল কিংবা আর্থিক তথ্য প্রকাশের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—অনলাইনে পরিচিত কারও সঙ্গে এমন কোনো ছবি বা ভিডিও শেয়ার না করা, যা পরে প্রকাশ্যে চলে গেলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে সরাসরি পরিচয় ও পরিচয় যাচাই ছাড়া কারও অনুরোধে অর্থ পাঠানো থেকেও বিরত থাকা উচিত।

ফাঁদে পড়লে কী করবেন

প্রতারণার শিকার হলে আতঙ্কিত হয়ে প্রতারকের দাবি মেনে টাকা পাঠানো উচিত নয়। এতে সাধারণত সমস্যার সমাধান হয় না; বরং প্রতারক আরও বেশি অর্থ দাবি করতে পারে।

প্রথমেই সব ধরনের প্রমাণ সংরক্ষণ করতে হবে। চ্যাট, স্ক্রিনশট, ভয়েস বা ভিডিও, ফোন নম্বর, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য এবং অর্থ লেনদেনের রসিদ মুছে ফেলা যাবে না। এগুলো পরবর্তী আইনি পদক্ষেপে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে।

এরপর প্রতারকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে অ্যাকাউন্ট ব্লক করা যেতে পারে। তবে ব্লক করার আগে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংরক্ষণ করা জরুরি।

প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। বিশেষ করে নারী ভুক্তভোগীরা পুলিশের সাইবার সহায়তা ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। হুমকি, ব্ল্যাকমেল বা ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হলেও বিষয়টি গোপন না রেখে দ্রুত আইনগত সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।

ডিজিটাল সম্পর্ক যত দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে, ততই বাড়ছে প্রতারণার ঝুঁকি। তাই অনলাইনে মিষ্টি কথার আড়ালে তৈরি হওয়া সম্পর্ককে যাচাই না করে বিশ্বাস না করা এবং ব্যক্তিগত তথ্য ও ছবি-ভিডিও ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকাই ‘হানি ট্র্যাপ’ থেকে বাঁচার অন্যতম উপায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার