
সরকারি চাকরিজীবীদের জন্য অনুমোদিত নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে। নতুন কাঠামোয় মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। পুরোপুরি নতুন বেতন পাওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে হবে ২০২৭ সালের জুলাই পর্যন্ত। আর ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের জন্য প্রথম ধাপেই তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে।
১০ম থেকে ২০তম গ্রেডে যেভাবে বাড়বে বেতন
এই গ্রেডের কর্মচারীদের জন্য চলতি বছরের জুলাই থেকে প্রথম ছয় মাসে নতুন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ এবং একই বছরের জুলাই থেকে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর করা হবে।
অর্থাৎ, প্রথম ধাপে নতুন কাঠামোর ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে মোট ৭৫ শতাংশ এবং তৃতীয় ধাপে গিয়ে নতুন নির্ধারিত মূল বেতনের পুরো ১০০ শতাংশ কার্যকর হবে।
প্রথম থেকে নবম গ্রেডে বাড়বে ৪০ শতাংশ
অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। চলতি বছরের ১ জুলাই থেকে প্রথম ধাপে ৪০ শতাংশ বর্ধিত মূল বেতন কার্যকর হবে।
২০২৭ সালের ১ জানুয়ারি দ্বিতীয় ধাপে আরও ৩০ শতাংশ এবং একই বছরের ১ জুলাই থেকে অবশিষ্ট ৩০ শতাংশ কার্যকর হবে। ফলে তিন ধাপ শেষে এই গ্রেডের চাকরিজীবীরাও নতুন কাঠামোয় নির্ধারিত মূল বেতনের পূর্ণ সুবিধা পাবেন।
২০২৮ সাল থেকে ভাতাও একসঙ্গে
নতুন কাঠামোর আওতায় মূল বেতন ২০২৭ সালের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন শেষ হলেও বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ ওই সময় থেকে সরকারি চাকরিজীবীরা নতুন মূল বেতন ও সংশ্লিষ্ট ভাতার পূর্ণ সুবিধা পাবেন।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন করা হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বেতন বাস্তবায়নের ধাপ ও সময়সূচি তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, চলতি জুলাই থেকে প্রথম অংশ কার্যকর হবে। ছয় মাস পর দ্বিতীয় অংশ এবং পরবর্তী ধাপে শেষ অংশ কার্যকর করা হবে। ২০২৭ সালের শেষ নাগাদ মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন সম্পন্ন হবে এবং ২০২৮ সাল থেকে বেতন ও ভাতা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে।