পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছনা, তিন দিন পর মামলা; গ্রেপ্তার ৩

রাজবাড়ী শহরের প্রধান কাপড় বাজারে পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে লাঞ্ছিত করার ঘটনায় তিন দিন পর মামলা হয়েছে। সোমবার রাতে রাজবাড়ী সদর থানায় তিনি মামলাটি করেন। মামলার পর রাতেই তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী পৌর এলাকার আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), রুবেল হোসেন (১৯) ও হেলাল উদ্দিন (৩৮)।

মামলার এজাহার অনুযায়ী, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টির চাকরি ছেড়ে দেওয়া এবং বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

এজাহারে বলা হয়েছে, ২৩ আগস্ট রাতে শাহনাজ পারভীন বৃষ্টি ১৫ থেকে ২০ জন লোক নিয়ে জাকিয়ার প্রতিষ্ঠানে যান। সেখানে তিনি বেতন দাবি করার পাশাপাশি জাকিয়াকে হুমকি দেন। একপর্যায়ে তাঁর প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এরপর গত শনিবার বেলা ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কাপড় বাজারে অবস্থান নিয়ে নিজের প্রতিষ্ঠানে হামলার বিচার দাবি করেন। এ সময় মানববন্ধন ও মাইক নিয়ে বিক্ষোভও করেন তিনি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যবসায়ীরা তাঁকে মার্কেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই কয়েকজন যুবক জাকিয়া সুলতানাকে লাথি ও থাপ্পড় মারেন।

পুলিশ জানিয়েছে, মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। মামলার পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এবং তিনজনকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *