মাদক–জুয়া–সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

মাদক, জুয়া, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে সমাজকে মুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না; এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে তাদের ভবিষ্যৎ হারাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের পাশাপাশি অনলাইন-অফলাইনে জুয়ার আয়োজন করে যারা মানুষকে বিপথে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও সবাইকে সোচ্চার হতে হবে।

মন্ত্রী বলেন, কোনো গ্রাম, ইউনিয়ন বা ওয়ার্ড যেন মাদক ব্যবসা, জুয়ার আসর কিংবা অন্য কোনো অসামাজিক কর্মকাণ্ডের ঘাঁটিতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে থেকেই অপরাধ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, সচেতনতা ও সামাজিক প্রতিরোধই অপরাধ দমনের অন্যতম কার্যকর উপায়।

অন্যায়কারীরা যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, অন্যায়ের শক্তি কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের কাছে তা পরাজিত হয়। সমাজের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপরাধী দীর্ঘদিন প্রভাব বিস্তার করতে পারবে না।

দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়েছেন, তা বাস্তবায়নে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, জেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

বিভিন্ন কর্মসূচিতে মন্ত্রীর অংশগ্রহণ

মতবিনিময় সভার আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে মন্ত্রী অংশ নেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে থাকা পুকুরে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

এ সময় শতাধিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পাশাপাশি দুস্থ ও অসহায় ৬২ জন নারীর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *