
ষ্টাফ রিপোর্টার\ আইন করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিল করা হয়েছে। ফলে, আগামী দিনে স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। সেই অনুযায়ী আসন্ন স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সংরক্ষিত সাধারণ সদস্য ও সাধারণ সদস্য আসনের জন্য প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ইউপি নির্বাচন বিধিমালা (সংশোধনী) প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যানদের জন্য ২০টি, সংরক্ষিত আসনে ১০টি ও সাধারণ সদস্য প্রার্থীর জন্য ১২টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন গত বুধবার (২৩শে সেপ্টেম্বর) প্রকাশিত হয়।
চেয়ারম্যান পদের জন্য বরাদ্দ ২০ প্রতীক হচ্ছে: কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি টেক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেলইঞ্জিন, সোফা ও হাঁস।
সাধারণ আসনের বরাদ্দ ১২ প্রতীক হলো: উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।
সংরক্ষিত নারী আসনের জন্য বরাদ্দ ১০ প্রতীক হলো: আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।