শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান টানা ৭ দিন বন্ধ থাকছে

              ষ্টাফ রিপোর্টার\ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন করা হয়নি। ফলে নির্ধারিত ৫ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ই অক্টোবর (রোববার) থেকে ২২শে অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪শে অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ভোগ করবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দুর্গাপূজা উপলকেষ ১৮ থেকে ২২শে অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একইভাবে টানা ৭ দিন ছুটি পাবে।

এদিকে সরকারি চাকরিজীবীদের জন্যও দুর্গাপূজা উপলক্ষে ছুটি রয়েছে। সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং প্রযোজ্য ক্ষেত্রে ঐচ্ছিক ছুটি যুক্ত হলে তাদের ছুটির সময় আরো বাড়তে পারে। তবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মীর ঐচ্ছিক ও অতিরিক্ত ছুটি নেয়ার ওপর।

গত ২০শে সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে। এতে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এক দিন এগিয়ে ২৪শে সেপ্টেম্বরের পরিবর্তে ২৩শে সেপ্টেম্বর করা হলেও দুর্গাপূজার ছুটির সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *