
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন এ নিয়োগ পরীক্ষা নেওয়া হতে পারে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগের নিয়মে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হলেও এবার পরীক্ষা ও নিয়োগপ্রক্রিয়া সরাসরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে এটি আগের ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হিসেবে নয়, বরং ৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচালিত হবে।
উল্লেখ্য, সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। দীর্ঘ বিরতির পর এবার নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।