
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন বাস পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে রোববার রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। একই সময়ে তিনটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে রাজধানীর বাইরে সাভার, বরগুনা ও গাজীপুরেও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এসব এলাকায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়।
একই দিনে রাজধানী ও আশপাশের এলাকায় বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।