
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা জরুরি। চিকিৎসাশাস্ত্রে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন এবং এ খাতে সরকারের বিপুল বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবায় নানা জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার ঘাটতি রয়েছে। উপজেলা পর্যায়ে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ অদক্ষ চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে দায়িত্ব পালনে আগ্রহী হওয়ার পরামর্শ দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, অনেক চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজের অজুহাতে সেখান থেকে চলে যান। এ ধরনের প্রবণতা পরিবর্তন করতে হবে।
দাঁতের চিকিৎসার উচ্চ ব্যয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, চিকিৎসার খরচ বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে প্রয়োজনীয় ডেন্টাল সেবা নেওয়া কঠিন হয়ে পড়েছে।
স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।
পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে পরিবর্তনের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, দেশের মানুষ ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করছে। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ডা. মো. আলমগীর কবির ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান বক্তব্য দেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি সংগঠনটির স্মারকগ্রন্থ উন্মোচন করেন। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।