প্রধানমন্ত্রীর প্রথম সফরে লালমনিরহাট, দিনভর একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো লালমনিরহাট সফরে গেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। দিনব্যাপী সফরে তিনি শিক্ষা, অবকাঠামো ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পরে সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।

লালমনিরহাটে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরের শুরুতে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানিনিষ্কাশন খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

পরবর্তী সময়ে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

তথ্যসূত্র: বাসস ও প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *